ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কেরল-এর নাম বদলের প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্যের নতুন নাম হতে চলেছে ‘কেরলম’। এখন রাষ্ট্রপতির অনুমোদন ও বাকি প্রক্রিয়া সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন কার্যকর হবে।
কেরল বিধানসভা আগেই দু’বার এই প্রস্তাব পাশ করেছিল। রাজ্যের বাম সরকারের দাবি, ‘কেরলম’ নামের মধ্যে মালয়ালম ভাষা ও স্থানীয় সংস্কৃতির স্পষ্ট পরিচয় রয়েছে। প্রথমবার কিছু কারিগরি কারণে প্রস্তাব আটকে যায়। পরে সংশোধন করে আবার পাঠানো হলে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেয়।
এই সিদ্ধান্তের পরই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তাঁর বক্তব্য, কেরল অনুমোদন পেলেও বাংলার নাম বদলের প্রস্তাব এখনও ঝুলে রয়েছে কেন? পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাবও বিধানসভায় পাশ হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন। এমনকি বিষয়টি নিয়ে তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলে জানান।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক কারণেই বাংলার দাবি মানা হচ্ছে না। যদিও কেরলের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এখন নজর বাংলার প্রস্তাবে কেন্দ্র কবে সিদ্ধান্ত নেয় তার দিকে।


