ক্রিকেট যে শুধু ব্যাট-বলের লড়াই নয়, তা আবারও প্রমাণ হল আইপিএলের ১৯তম মরশুমের শুরুতেই। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার তৈরি হল এমন এক মুহূর্ত, যা দেখে আবেগে ভেসেছেন লাখো ক্রিকেটপ্রেমী।
দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে এক ফ্রেমে ধরা দিলেন বিরাট কোহলি ও অনিল কুম্বলে। শুধু পাশাপাশি দাঁড়ানোই নয়, উষ্ণ আলিঙ্গনে যেন মুছে গেল অতীতের সব তিক্ততা। মাঠের সেই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে, আর তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা।
টসের আগে কোহলিকে দেখা যায় ডেল স্টেইন, অনিল কুম্বলে ও অভিনব মুকুন্দের সঙ্গে বাউন্ডারি লাইনের ধারে গল্পে মেতে উঠতে। পুরনো দিনের সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ যেন ফিরিয়ে আনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোনালি স্মৃতি।
একসময় এই দুই কিংবদন্তির সম্পর্ক ছিল চরম বিতর্কের কেন্দ্রে। ২০১৬ সালে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কুম্বলের সঙ্গে কোহলির মতবিরোধ প্রকাশ্যে আসে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোচের পদ ছাড়তে বাধ্য হন কুম্বলে।
কিন্তু সময় সব ক্ষত সারায়—এই প্রবাদ যেন বাস্তবে রূপ নিল সেই সন্ধ্যায়। ব্যক্তিগত দ্বন্দ্ব পেছনে ফেলে ক্রিকেটের বন্ধনে আবার কাছাকাছি এলেন দুই মহান তারকা। আর সেই মুহূর্তই মনে করিয়ে দিল—শেষ পর্যন্ত ক্রিকেটই পারে সব দূরত্ব মুছে দিতে।


