সংখ্যালঘু জেলায় ভোটার তালিকা বিস্ফোরণ! মালদহে ৮ লক্ষ, মুর্শিদাবাদে ১১ লক্ষ নাম ঝুলে—নির্বাচনের আগে তীব্র বিতর্ক

Spread the love

আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের দুই সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদহ ও মুর্শিদাবাদ-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক ঝড়। লক্ষ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ হিসেবে ঝুলে থাকায় প্রশ্নের মুখে পুরো প্রক্রিয়া।

মালদহ জেলায় মোট ৮ লক্ষ ২৮ হাজার ০৮০ জন ভোটারের নাম এখনও বিচারাধীন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২টি বিধানসভা এলাকায় ১৮,২৮২ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। মৃত, অন্যত্র স্থানান্তরিত অথবা নথিগত অসঙ্গতির কারণ দেখানো হয়েছে। নতুন করে যুক্ত হয়েছেন ৬,৮২৫ জন ভোটার। তবে শুনানির নোটিশ পাওয়া বহু ভোটারের নাম এখনও ঝুলে থাকায় ক্ষোভ বাড়ছে।

এই ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস। জেলা নেতৃত্বের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলেই কি এত বিপুল সংখ্যক ভোটারের ক্ষেত্রে শুনানি প্রক্রিয়া দীর্ঘায়িত করা হয়েছে? তাঁদের দাবি, পুরো বিষয়টিতে পক্ষপাতিত্বের গন্ধ রয়েছে।

অন্যদিকে পালটা আক্রমণে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকায় রাখার চেষ্টার ফলেই এই যাচাই প্রক্রিয়া কড়া হয়েছে। তাই বিচারাধীন সংখ্যাকে অস্বাভাবিক বলে দেখানোর কোনও কারণ নেই।

একই চিত্র মুর্শিদাবাদেও। সেখানে ১১ লক্ষ ২১ হাজার ২০৫ জন ভোটারের তথ্য এখনও যাচাইয়ের পর্যায়ে। যদিও ৫৪ লক্ষ ৭৫ হাজার ৪৭০ জনের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। খসড়া তালিকার তুলনায় কয়েকটি কেন্দ্রে ভোটার বেড়েছে, তবে অধিকাংশ কেন্দ্রে কমেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নির্ধারক ভূমিকা নেওয়া এই দুই জেলায় বিপুল সংখ্যক ভোটার বিচারাধীন থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর বাড়বে।

প্রশাসনের দাবি, এটি নিয়মমাফিক যাচাই প্রক্রিয়া এবং ধাপে ধাপে নিষ্পত্তি করা হবে। তবে লক্ষ লক্ষ ভোটারের অনিশ্চয়তা এখনই বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *