এসআইআরের তাড়াহুড়ো নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই তাঁর তোপ — “এসআইআরের নামে রাজ্যে সুপার ইমার্জেন্সি চালু করা হচ্ছে। কেন এত তাড়াহুড়ো? দু’বছর সময় দেওয়া যেত।”
মমতার অভিযোগ, এই উদ্যোগে সাধারণ মানুষকে ‘বঞ্চিত’ ও ‘লাঞ্ছিত’ করা হচ্ছে। তাঁর কটাক্ষ, “নোটবন্দি শুনেছিলেন তো? এখন ভোটবন্দি চলছে! নিজের পরিচয় প্রমাণ করতে হবে নিজেকেই — এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে?”
সীমান্তে অনুপ্রবেশ প্রসঙ্গেও কেন্দ্রকে তুলোধোনা করে মমতার বক্তব্য, “সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের হাতে, তাহলে দায় অমিত শাহ নেবেন না কেন? তিনি ইস্তফা দিন।”
বিজেপির বিরুদ্ধে ‘বিভাজনের রাজনীতি’ করার অভিযোগ তুলে মমতা বলেন, “কখনও সংবিধান, কখনও শিক্ষাব্যবস্থা, আবার কখনও বন্দেমাতরম ও জনগণমন — সবকিছু নিয়েই বিভেদ তৈরি করছে ওরা। আমাদের কাছে দুটি গানই সমান সম্মানের।”
শেষে ২০২৬ বিধানসভা নির্বাচনের ইঙ্গিত টেনে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা — “বাংলা আবারও দেখাবে, বিভেদ নয় — ঐক্যই আমাদের শক্তি।”


