বাঁকুড়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, ‘দিল্লির জমিদারদের স্বপ্নভঙ্গ করবে বাংলা’

Spread the love

বাঁকুড়া জেলার বড়জোড়ার জনসভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তৃণমূল কংগ্রেস সবসময় সতর্ক ও সক্রিয়। এদিন সভামঞ্চ থেকে মমতার দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে—এই রণাঙ্গনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাংলা ঐক্যবদ্ধ।

বাঁকুড়ার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই জেলা শুধু রাজনীতির নয়, শিল্প-সংস্কৃতি ও মনীষারও এক উজ্জ্বল কেন্দ্র। প্রাচীনকাল থেকেই বিদ্যাচর্চা, শিল্পকলা ও ধর্মীয় স্থাপত্যে বাঁকুড়া গোটা দেশকে পথ দেখিয়েছে। শ্রী শ্রী মা সারদা, যামিনী রায়, রামানন্দ চট্টোপাধ্যায় ও রামকিঙ্কর বেইজের মতো মনীষীদের স্মরণ করে তিনি জানান, এই পুণ্যভূমির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও প্রণাম।

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে মমতা অভিযোগ করেন, স্বৈরাচারী মানসিকতায় বিজেপি বাংলার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আবাস যোজনা, শিক্ষা, রাস্তা ও পানীয় জলের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ করে দিয়ে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে বলে তাঁর দাবি। নির্বাচনের আগে ‘এসআইআর’-এর মাধ্যমে মানুষকে ভোটাধিকার থেকে দূরে সরানোর চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, দিল্লির ক্ষমতাসীনদের বাংলা দখলের স্বপ্ন কখনও সফল হবে না। বাংলা কখনও স্বেচ্ছাচার বা অপশাসনের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মানুষের ব্যাপক অংশগ্রহণ তাঁকে নতুন করে শক্তি জুগিয়েছে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর চলার পথের সবচেয়ে বড় প্রেরণা। শেষ পর্যন্ত তিনি সকলকে লড়াই ও প্রতিবাদে শামিল থাকার আহ্বান জানান এবং মা-মাটি-মানুষের পাশে থাকার বার্তা দেন জয় বাংলা, জয় তৃণমূল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *