দুর্গোৎসবের দিনপঞ্জিতে মহানবমী মানেই বিষাদের ছায়া। দেবীর কৈলাসে ফেরার আগমুহূর্ত। তবু এদিনও শহরের অলিগলিতে প্যান্ডেল ভিড়, আলো-আলোয় মুখরিত কলকাতা। সেই আবহেই এ বার বাঙালিকে নতুন সুরের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু প্রশাসন নয়, শিল্প-সংস্কৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই পুজোয় লেখেন, সুর দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে ধরা দিল তাঁর নতুন সৃষ্টি ‘যদি থাকত একটা ছোট্ট বাগান/তবে কলি হয়ে রোজ ফুটতাম…’। ছ’মিনিট ছ’সেকেন্ডের এই গান যেন প্যান্ডেলের আনন্দকে ছুঁয়ে দিল অন্য এক আবেগে।
সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে বাংলার মানুষকে মহানবমীর শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন— “সকলকে জানাই মহানবমীর আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তীর গাওয়া আরও একটি নতুন গান ভাগ করে নিচ্ছি।”
এ বছরও মমতার লেখা ও সুর করা গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যের মতো শিল্পীরা। তারই ধারাবাহিকতায় নবমীর ভোরে প্রকাশ পেল এই গান, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শহরের মণ্ডপ থেকে সোশ্যাল মিডিয়ার অগণিত আঙিনায়।


