দেবীপক্ষের তৃতীয়া থেকেই শহরে শুরু হয়ে গেল দুর্গোৎসবের আসল আবহ। দিন যত গড়াচ্ছে, ততই জমে উঠছে কলকাতার রাস্তাঘাট, আলোয় সেজে উঠছে মণ্ডপ। বুধবার থেকেই নামী কয়েকটি পুজো মণ্ডপ খুলে গেল দর্শনার্থীদের জন্য। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথমে পা রাখলেন একডালিয়া এভারগ্রিনে। এই পুজো দীর্ঘদিন ধরে পরিচিত প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে তাঁকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। পাশে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবী। মমতার কথায়— “সুব্রতদা না থাকাটা আজও মেনে নিতে পারি না। ওঁর স্মৃতি আজও আমাদের কাছে জীবন্ত।”
এরপর উলটো দিকের সিংহী পার্ক। সাবেকি একচালার দশভুজা প্রতিমা এখানকার মূল আকর্ষণ। প্রদীপ জ্বালিয়ে, পুষ্পার্চনা করে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সূচনা করেন এই পুজোর। মুহূর্তেই ভিড় জমে যায় মণ্ডপে।
বালিগঞ্জ কালচারাল ক্লাবেও বুধবার ছিল উৎসবের দিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার ও সাংসদ মালা রায়। এখানে মণ্ডপের সাজে আধুনিকতার ছোঁয়া থাকলেও সরলতায় ভরপুর। উপবিষ্ট দশভুজা দেবীকে দেখতে এদিন থেকেই ভিড় জমতে শুরু করেছে।
শহরের নামী মণ্ডপগুলো একে একে দর্শনার্থীদের জন্য খুলে যেতেই উৎসবমুখর হয়ে উঠেছে কলকাতা। তৃতীয়াতেই যেন পুজোর রেশ ছড়িয়ে পড়েছে চারদিকে। এবার শুধু আনুষ্ঠানিক বোধনের অপেক্ষা।


