একরাতের বৃষ্টির দাপট কেটে, ২৪ ঘণ্টার মধ্যেই স্বাভাবিক কলকাতা

Spread the love

কলকাতা: টানা পাঁচ ঘণ্টার রেকর্ড বৃষ্টির দাপটে এক রাতের বিভীষিকা কাটিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চেনা ছন্দে ফিরল মহানগর। জমা জল সরাতে পুরসভা ও সেচদপ্তরের তৎপরতায় মঙ্গলবার ভোর থেকেই চালু হয়েছিল ২৯টি পাম্পিং স্টেশন। পাশাপাশি পোর্টেবল পাম্প নামিয়ে গাড়ি করে সরানো হয় জল। ফলে ঠনঠনিয়ার মতো নিচু এলাকাতেও বুধবার ভোরের আগেই জল নেমে যায়।

তবে দমদম বা গঙ্গা-লাগোয়া বাগবাজারের মতো লোল্যান্ড এলাকায় কিছুটা জল রয়ে গেলেও মঙ্গলবার রাতেই লকগেট খুলে দেওয়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। কালীঘাট পাম্পিং স্টেশনে সর্বাধিক ২৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এই পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাত দু’টো পর্যন্ত খোঁজখবর নেন। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান, “সাত ঘণ্টার মধ্যে জল পরিষ্কার করতে পেরেছি। এখন পরিস্থিতি অনেকটা ভালো। দু-একটা নিচু জায়গা ছাড়া বাকি সবখান থেকেই জল নেমে গিয়েছে।”

কিন্তু এর মাঝেই ফের সামনে এল প্লাস্টিক বর্জ্য ও নাগরিক সচেতনতার অভাবের সমস্যা। মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করে বলেন, “প্লাস্টিক ফেলে রাখা হচ্ছে যেখানে সেখানে, তা নর্দমায় আটকে যাচ্ছে। আমাদের সিভিক সেন্স কবে আসবে?” তিনি আরও জানান, প্রতিটি পাড়ায় ডাস্টবিন দেওয়া হলেও নাগরিকরা দায়িত্ব নিচ্ছেন না। নির্মাণকাজে ব্যবহার হওয়া বালি-পাথর, ইট-চুনও বর্ষায় নালায় ভেসে গিয়ে জল জমার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।

পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে প্লাস্টিক ব্যবহার ও অব্যবস্থাপনা চলতে থাকলে ভবিষ্যতে জল জমার সমস্যা আরও ভয়ংকর হতে বাধ্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *