মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের বহুল চর্চিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে তৈরি হয়েছে ঐতিহাসিক সাফল্য। এই প্রকল্পে আজ অনুমোদিত আবেদনের সংখ্যা এক লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। উচ্চশিক্ষার পথে অর্থনৈতিক সঙ্কট যাতে কোনও তরুণ-তরুণীর স্বপ্নকে থামিয়ে না দিতে পারে, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই পরিকল্পনা শুরু করেছিল।
সরকারি তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাগশিপ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পেয়ে থাকেন, তাও অত্যন্ত স্বল্প সুদের হারে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল—ঋণের সুদের সম্পূর্ণ ভর্তুকি বহন করে রাজ্য সরকার নিজেই। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের ওপর ঋণের অতিরিক্ত চাপ পড়ে না, এবং তারা নিশ্চিন্তে দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই প্রকল্প নতুন প্রজন্মের প্রতিভা ও সামর্থ্যকে বিকশিত করতে এক বড় হাতিয়ার। এর ফলে রাজ্যের শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এই প্রকল্পকে আরও পরিধি বাড়িয়ে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই প্রকল্প তাদের স্বপ্নপূরণের পথে সহায়ক হবে এবং গড়ে তুলবে আগামী দিনের উন্নত, দক্ষ ও স্বনির্ভর প্রজন্ম।


