এসআইআর ইস্যুতে টানা আন্দোলনের পর আপাতত ধর্মতলার ধরনা স্থগিত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির পর আদালতের পর্যবেক্ষণে কিছুটা স্বস্তি মিলেছে বলেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
৬ তারিখ থেকে এসআইআর–এর নামে হয়রানি ও রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে ধর্মতলায় অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন মমতা। এদিন আদালতের মন্তব্য তুলে ধরে ধরনামঞ্চ থেকেই তিনি জানান, নির্বাচন ঘোষণা হয়ে গেলেও মামলাটি সুপ্রিম কোর্টের হাতেই থাকবে এবং তাঁর করা পিটিশনও বহাল রয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, যদি ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়ে যায়, তবে ভোটের আগের দিন পর্যন্ত সেই বিষয়ে আবেদন করার সুযোগ থাকবে। বিশেষ ক্ষেত্রে আদালত তা বিবেচনা করবে বলেও ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেন তিনি।
তবে বক্তব্যের মাঝেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর অভিযোগ, নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি সহ একাধিক ইস্যু তুলে কেন্দ্রের নীতিরও কড়া সমালোচনা করেন তিনি।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আস্থা রেখে আপাতত ধর্মতলার ধরনা সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা। তিনি জানান, আন্দোলন শেষ হয়নি, বরং এখন নজর থাকবে আদালতের পরবর্তী নির্দেশের দিকে।


