উত্তরবঙ্গ সফর শেষে সরাসরি স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল আরও এক নতুন অধ্যায়। মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি অত্যাধুনিক মোবাইল মেডিক্যাল ইউনিট (MMU) — যেগুলি রাজ্যের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় গিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে চিকিৎসা পরিষেবা।
এই উদ্যোগের মাধ্যমে পাহাড়, জঙ্গল ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও পাবেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সুবিধা। প্রতিটি ভ্রাম্যমাণ ইউনিটে থাকবেন প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জামও।
অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন,“১৪ বছরে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। এখন প্রতিটি মানুষ চিকিৎসা পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের সুবিধা মিলছে। এই নতুন ইউনিটগুলি সেই পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে শহর-গ্রাম বিভাজন কমবে এবং রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হবে এক নতুন গতি।


