ভিনরাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর হেনস্তা ও নির্যাতনের ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে শুরু করেছেন ‘ভাষা আন্দোলন’। তাঁর কথায়, যদি অত্যাচারিত শ্রমিকরা ফিরতে চান, রাজ্য সরকার নিজেদের খরচে তাঁদের ফিরিয়ে আনবে।
এই আবেগঘন পরিস্থিতিতে দুর্গাপুজোর প্রাক্কালে মুখ্যমন্ত্রী আরও এক মানবিক পদক্ষেপ নিলেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে পুজো কমিটিগুলোর উদ্দেশে তাঁর আর্জি— “ওঁদেরও পুজোয় নতুন জামাকাপড় দিন।”
রাজ্যের একাধিক জেলায় ফিরে আসছেন নির্যাতিত পরিযায়ী শ্রমিকরা। রাজ্য সরকার জানিয়েছে, তাঁদের দেওয়া হবে জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, “ফিরে আসা প্রত্যেকের পেটে ভাত, হাতে কাজ ও মাথায় ছাদ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
শুধু সরকারি সহায়তা নয়, সমাজের সক্রিয় অংশগ্রহণেরও আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা— এই মানুষগুলোর জীবনযুদ্ধকে সম্মান জানিয়ে, উৎসবে তাঁদের পাশে থাকতে হবে। পুজোর আনন্দে যাতে তাঁরাও সামিল হতে পারেন, তাই উদ্যোক্তাদের উদ্দেশে মমতার বার্তা, “ওঁদেরও দিন নতুন জামাকাপড়।”
এই ভাবনাতেই আরও একবার প্রমাণ হল, সংকটে, সঙ্কটে, প্রতিটি বাঙালির পাশে আছেন বাংলার ‘দিদি’।


