এসআইআরের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, নাম বাদ দিতে হলে ‘দেহ পেরিয়ে যেতে হবে’

Spread the love

ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রকল্পকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে।” এনআরসির ছায়ায় রাজ্যে বিভাজনের রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে জোরালো সুরে গর্জে ওঠেন তৃণমূল নেত্রী।

ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মমতা বলেন, এসআইআরের আড়ালে কেন্দ্র আসলে এনআরসি চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি পথে নেমে প্রতিবাদ জানানোর ডাক দেন তিনি। বলেন, “এনআরসি মানছি না, মানব না। নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এটা কখনও মেনে নেওয়া যাবে না।”

অসম সরকারের পাঠানো এনআরসি-সংক্রান্ত নোটিস নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই নোটিস বেআইনি, অসাংবিধানিক এবং গণতন্ত্রবিরোধী। স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “অসম সরকার এ ধরনের চিঠি পাঠাতে পারে না। আমি ধিক্কার জানাই। ভবিষ্যতে যদি এমন চিঠি আসে, কেউ যেন না-যায়।”

আগামী ২০২৬ সালের নির্বাচনের আগে বাঙালির সংস্কৃতি, ভাষা এবং পরিচিতির রক্ষাকে হাতিয়ার করেই ভোটমুখী বার্তা দিতে চাইছেন মমতা। তাই দলীয় পরিচয় ভুলে ঐক্যের ডাক দিলেন তিনি। বললেন, “ভুলে যান রাজনৈতিক দল, ভুলে যান পার্টি। আপনার পরিচয়, আপনার নাম, আপনাকেই রক্ষা করতে হবে। একটিও নাম যেন বাদ না যায়।”

এই সভা ছিল তাঁর ২১ জুলাইয়ের ভাষা আন্দোলনের ডাকের পর দ্বিতীয় বৃহৎ ভাষাভিত্তিক সভা। ঝাড়গ্রামের সিধু-কানুহ মাটিতে দাঁড়িয়ে বাঙালির সংস্কৃতির অবদান তুলে ধরেন মমতা। প্রশ্ন ছুড়ে বলেন, “রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ, বিদ্যাসাগর – এঁরা কোন ভাষায় কথা বলতেন? জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র কোন ভাষায় লেখা হয়েছে?” সেই সূত্রেই তাঁর বার্তা, “বাংলা ছাড়া ভারত হয় না, পৃথিবী হয় না।”

এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। দেশের অন্যান্য রাজ্যে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ বলে চিহ্নিত করার প্রবণতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, বাংলার মানুষকে অপমান করলে, বাংলার মাটি চুপ করে থাকবে না। শ্রমজীবী মানুষদের বাংলায় ফিরে আসারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *