ব্রিগেডে মোদির সভার আগে নিরাপত্তা কড়াকড়ি, মঞ্চ খুলে পরীক্ষা চালাবে এসপিজি

Spread the love

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নির্দেশ দিয়েছে, সভার জন্য তৈরি হওয়া মূল মঞ্চ আপাতত খুলে ফেলতে হবে। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার থেকে মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে।

আগামী ১৪ মার্চ ব্রিগেডে বিজেপির বড় জনসভায় ভাষণ দেওয়ার কথা মোদির। রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র সমাপ্তি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই কারণেই সভাকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছিল কয়েকদিন আগেই।

মাঠ সাজানো এবং মঞ্চ তৈরির দায়িত্বে ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল মঞ্চ নির্মাণের কাজ। কিন্তু সভাস্থল পরিদর্শনে এসে এসপিজি আধিকারিকরা নিরাপত্তার স্বার্থে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেন।

জানা গিয়েছে, যে জায়গায় মঞ্চ তৈরি করা হয়েছে সেই অংশের মাটির নিচে বিস্তারিত পরীক্ষা চালাতে চায় এসপিজি। কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রয়োজনীয় অনুসন্ধান শেষ হলে আবার নতুন করে মঞ্চ তৈরি করা হবে।

এই বিষয়ে রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঞ্চ খোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করা হচ্ছে খুব দ্রুতই মাটির নিচে পরীক্ষা শেষ হবে। এরপর ফের মঞ্চ তৈরি করা হবে এবং নির্ধারিত সময়েই ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *