মালয়েশিয়ার মাটিতে ইতিহাসের ছোঁয়া, নেতাজির স্মৃতিতে নতজানু মোদি

Spread the love

কূটনীতি আর বাণিজ্যের আলোচনার ফাঁকেই মালয়েশিয়ার মাটিতে ইতিহাসকে ছুঁয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরের শেষ দিনে রবিবার তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সেই সঙ্গে আজাদ হিন্দ ফৌজের জীবিত ইতিহাস, প্রবীণ যোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী।

নেতাজির ডাকে সাড়া দিয়ে যাঁরা অস্ত্র তুলে নিয়েছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, জয়রাজ রাজা রাও তাঁদেরই একজন। তাঁর সঙ্গে দীর্ঘ কথোপকথনে স্বাধীনতা সংগ্রামের সেই রুদ্ধশ্বাস দিনগুলির স্মৃতি উঠে আসে। সাহস, ত্যাগ আর আত্মবলিদানের সেই অভিজ্ঞতা প্রধানমন্ত্রীকে গভীরভাবে স্পর্শ করেছে বলেই জানা যাচ্ছে।

এই সাক্ষাতের মুহূর্ত ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, আজাদ হিন্দ ফৌজের প্রবীণ সৈনিক জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করা তাঁর কাছে গর্বের। তাঁর জীবন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল অধ্যায়, যা আজও প্রেরণা জোগায়। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর সমস্ত যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান মোদি।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় বসবাস করেন প্রায় ২৯ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ। আসিয়ান গোষ্ঠীতে ভারতের কৌশলগত সহযোগী দেশগুলির মধ্যে মালয়েশিয়া অন্যতম। ‘অ্যাক্ট ইস্ট’ নীতিতে এই দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে নয়াদিল্লি। সফরকালে প্রধানমন্ত্রী বাণিজ্য, প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দেন। পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে ভারতের কঠোর অবস্থানও স্পষ্ট করেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *