দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা করল এনডিএ। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান, এনডিএ-র প্রার্থী হচ্ছেন বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই পদক্ষেপ। তামিলনাড়ুর ভূমিপুত্র রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করে দক্ষিণের রাজনীতিতে জমি শক্ত করতে চাইছে বিজেপি।
প্রার্থী বাছাইয়ের জন্য রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং-সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন নাড্ডা। তিনি বলেন, দলের সব নেতৃত্বের সঙ্গে আলোচনা ও পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সকলের অনুমতিক্রমেই এনডিএর প্রার্থী হিসেবে রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করা হয়েছে।
১৯৫৭ সালের ২০ অক্টোবর জন্ম রাধাকৃষ্ণণের। মাত্র ১৬ বছর বয়স থেকেই তিনি যুক্ত ছিলেন আরএসএস ও জনসংঘের সঙ্গে। ১৯৯৮ সালে বিজেপির টিকিটে প্রথমবার সাংসদ হন কোয়েম্বাটুর থেকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ। ২০২৩ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত হন, পরে ২০২৪ সালে দায়িত্ব পান তেলেঙ্গানার রাজ্যপাল ও পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের। গত ২৭ জুলাই থেকে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংঘের বিশ্বস্ত ও তামিলনাড়ুর ভূমিপুত্র হিসেবে রাধাকৃষ্ণণকে বেছে নেওয়া বিজেপির একটি বড় রাজনৈতিক কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ তামিলনাড়ুতে সাংগঠনিকভাবে শক্তিশালী নয় বিজেপি। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপকে ভোট রাজনীতির দিক থেকে মাস্টারস্ট্রোক হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই পদত্যাগ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে নির্বাচন কমিশন ৯ সেপ্টেম্বরের জন্য উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করে। তার আগে একাধিক বৈঠক ও আলোচনার পর অবশেষে এনডিএর পক্ষ থেকে সিপি রাধাকৃষ্ণণকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হল।


