ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ এবার শুধু ফুটবলের লড়াই নয়, হয়ে উঠল প্রতিবাদ আর আবেগেরও মঞ্চ। বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে আগে থেকেই ইস্টবেঙ্গল সমর্থকরা সোচ্চার ছিলেন। গ্রুপ পর্ব থেকেই তাঁরা টিফো দিয়ে সেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ডার্বির মতো মহারণেও তার ব্যতিক্রম হল না।
রবিবার যুবভারতীতে লাল-হলুদ গ্যালারির টিফো ঝরে পড়ল বাংলা ভাষা ও সংস্কৃতির অহংকার, ভালোবাসা আর প্রতিবাদের বার্তা। সেখানে লেখা ছিল—
“বাংলা ভাষা স্বাধীনতার শ্বাস, শহিদের ত্যাগের ধ্বনি, অস্বীকার করলে কাঁপবে দেশ, বাজবে প্রতিবাদের রণধ্বনি!”
এই টিফো যেন ঘোষণা করল, প্রাণের ভাষাকে অপমান করা হলে বাঙালি প্রতিবাদে কখনও পিছিয়ে থাকবে না।
অন্যদিকে মোহনবাগান গ্যালারিতেও দেখা গেল একের পর এক চমকপ্রদ টিফো। সবুজ-মেরুন সমর্থকরা মূলত খেলা নিয়েই নানা বার্তা দেন। কোথাও বিখ্যাত বাংলা সিনেমা জনঅরণ্য-এর দৃশ্য তুলে ধরা হয়েছে তাঁদের জয়গান হিসেবে। আবার কোনও টিফোতে ইস্টবেঙ্গল সমর্থকদের কটাক্ষ করে লেখা হয়েছে, “ম্যানেজ নয়, মান দিতে শিখুন।” এমনকি একটি টিফোতে দেখানো হয়েছে, ইস্টবেঙ্গলের ট্রফিজয়ের স্বপ্ন আটকে দিচ্ছে মোহনবাগান।
সব মিলিয়ে মাঠে যেমন ছিল ডার্বির উত্তাপ, গ্যালারিতে তেমনই ঝলসে উঠল বাংলা ভাষার মর্যাদা রক্ষার আহ্বান, সঙ্গে চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা আর হাসি-মজার ছোঁয়া।


