ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনার পানিহাটি। আর জি কর কাণ্ডের নিগৃহীতা চিকিৎসকের মায়ের প্রার্থী হওয়ায় এই কেন্দ্র এখন রাজ্যের অন্যতম হটস্পট। তারই মধ্যে তৃণমূলের হয়ে নতুন মুখ তীর্থঙ্কর ঘোষকে সামনে রেখে জোর প্রচার শুরু করেছে শাসক শিবির।
বৃহস্পতিবার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে প্রচারসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন দলীয় নেতৃত্বকে। তাঁর সাফ কথা— দখলদারি রাজনীতি বরদাস্ত করা হবে না। কাউন্সিলর থেকে চেয়ারম্যান, সকলকেই সতর্ক করে তিনি বলেন, “তৃণমূল করতে গেলে সবুজ ধ্বংস করা চলবে না, মাঠ দখল করা চলবে না, বেআইনি নির্মাণ চলবে না।”
প্রসঙ্গত, বছর খানেক আগে সোদপুরের অমরাবতী মাঠে দখলদারির অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। স্থানীয়দের দাবি, ওই মাঠের একাংশে নির্মাণের চেষ্টা হচ্ছিল এবং পুরসভার মদতের অভিযোগও ওঠে। বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ, এমনকি বদল করা হয় পানিহাটি পুরসভার চেয়ারম্যানও।
এই ঘটনাকে তুলে ধরে মমতার বার্তা আরও স্পষ্ট— “আমি কলকাতায় থাকি বলে কোথায় কী হচ্ছে জানব না, তা নয়। সব খবরই আমার কাছে থাকে।”
ভোটের আগে এই কড়া অবস্থানকে অনেকেই সংগঠনকে চাঙ্গা রাখা ও বিরোধীদের বার্তা দেওয়ার কৌশল হিসেবেই দেখছেন। পানিহাটির লড়াই যে এবার জমজমাট হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।


