রাজ্যে ফের বড়সড় সাইবার প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। প্রায় ৬০০ কোটি টাকার জালিয়াতির মামলায় শিল্পপতি পবন রুইয়াকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তে উঠে এসেছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা একাধিক অনলাইন প্রতারণা থেকে আসা বিপুল অঙ্কের টাকা রুইয়া এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছিল। প্রথমে প্রায় ৩১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিললেও পরে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ৬০০ কোটিতে। তদন্তকারীদের দাবি, এই অর্থ লেনদেনের জন্য একাধিক ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল। সেই সব সংস্থার নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই প্রতারণার টাকা ঘোরানো হত।
এই ঘটনার সূত্রপাত ২০২৪ সালে, যখন নিউটাউনের ইকো পার্ক থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সাইবার বিভাগ। দীর্ঘ তদন্তের পর গত নভেম্বর মাসে পবন রুইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং অবশেষে এদিন তাঁকে গ্রেপ্তার করা হল।
পবন রুইয়া শিল্প মহলে পরিচিত নাম। তিনি একসময় ডানলপ ইন্ডিয়া এবং জেশপ অ্যান্ড কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রেপ্তারি ঘিরে শিল্পমহলেও শুরু হয়েছে জোর চর্চা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রুইয়াকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। সাইবার অপরাধের জাল কতটা গভীর এবং সংগঠিত হতে পারে, এই ঘটনা তারই এক বড় উদাহরণ হয়ে উঠছে।


