দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই সফরের আগে থেকেই স্পষ্ট হয়ে উঠেছে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ ফাটল। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, তিনি থাকছেন না এই সভায়।
আজ, শুক্রবার দুপুর আড়াইটেয় দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভা। এরই মধ্যে গোটা এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। সরকারি এবং জনসভা—দুটি মঞ্চই প্রস্তুত। মাঠে জমে থাকা কাদা ও বৃষ্টির জল সরাতে দিনভর কাজ করছেন কর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, এই সফরই আগামী বিধানসভা নির্বাচনের মঞ্চ তৈরি করবে বিজেপির জন্য। তাঁর কথায়, “দুর্গাপুরের চেহারা বদলাবে আগামী এক বছরে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে উন্নয়নের রূপরেখা তৈরি করবে।”
প্রধানমন্ত্রী অণ্ডাল বিমানবন্দর থেকে ১৫ কিমি পথ সড়ক পথে পাড়ি দিয়ে সভাস্থলে পৌঁছাবেন। পথে গান্ধী মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত ৮টি জায়গায় তাঁকে ফুল ছড়িয়ে স্বাগত জানানো হবে। জুড়ে থাকবে বড় বড় কাটআউট ও ওভারহেড গেট।
সরকারি প্রকল্পের উদ্বোধনের পর জনসভায় ভাষণ দেবেন মোদি। সভা শেষে সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টারে অণ্ডাল বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।
শমীকের দাবি, “দুর্গাপুর শিল্পে পিছিয়ে পড়েছে, এবার সেই স্থবিরতা কাটবে। সার্ভিস সেক্টর ছাড়াও এবার মূল পরিকাঠামো ও শিল্পে বিনিয়োগ আনবে কেন্দ্র।”


