লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে বিশেষ সাক্ষাতে হাজির ছিলেন ভারতের জ্যাভলিন সেনসেশন নীরজ চোপড়া ও তাঁর স্ত্রী হিমানী মোরে। সাক্ষাতের মুহূর্তের ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে মোদি লেখেন, নীরজ ও হিমানীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে খেলাধুলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
ছবিতে দেখা যায়, নীরজ চোপড়া পরেছেন সাদা রঙের শেরওয়ানি। তাঁর পাশে হিমানী মোরে সবুজ মখমলের জ্যাকেটে সাবলীল। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি কালো ডোরাকাটা সাফারি স্যুটে উপস্থিত ছিলেন। সৌজন্যমূলক হলেও এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীরজ ও হিমানী। বিয়ের পর এই প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে নীরজের একান্ত সাক্ষাৎ বলেই সূত্রের খবর। এর আগে অবশ্য বিভিন্ন সরকারি অনুষ্ঠনে অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে দেখা গিয়েছিল তাঁকে।
উল্লেখযোগ্যভাবে, নীরজ চোপড়া ভারতের ইতিহাসে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। ২০২১ সালের টোকিও অলিম্পিকে তাঁর সেই সাফল্য দেশজুড়ে ক্রীড়ামহলে নতুন অধ্যায় তৈরি করে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও তিনি রৌপ্যপদক জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। দু’টি অলিম্পিকেই তিনি ছিলেন ভারতের ক্রীড়াবিদ প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য।
এই সাক্ষাৎ ঘিরে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। অনেকেই একে ভারতীয় ক্রীড়াবিদদের প্রতি সরকারের সম্মান ও সমর্থনের প্রতিফলন বলেই দেখছেন।


