যুদ্ধের জেরে দুবাইয়ে আটকে পি ভি সিন্ধু, জরিমানা মকুব করল বিশ্ব সংস্থা

Spread the love

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ধাক্কা খেলেন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু। শনিবার দুবাই পৌঁছনোর পরেই আচমকা বদলে যায় পরিস্থিতি। যুদ্ধের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দুবাই বিমানবন্দরে টানা তিনদিন আটকে থাকতে হয় তাঁকে। ফলে এবারের মর্যাদাপূর্ণ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-এ নামা আর সম্ভব হয়নি দুইবারের অলিম্পিক পদকজয়ীর।

প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা সত্ত্বেও শেষ পর্যন্ত কোর্টে নামতে না পারায় পাঁচ লক্ষ টাকা জরিমানার আশঙ্কা তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া সরে দাঁড়ালে শাস্তির মুখে পড়তে হয় খেলোয়াড়কে। তবে সিন্ধুর ক্ষেত্রে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধের আবহে বিমান বাতিল, নিরাপত্তা সঙ্কট— সব মিলিয়ে তাঁর পক্ষে ইংল্যান্ডে পৌঁছনো অসম্ভব হয়ে পড়ে। বিষয়টি বিবেচনা করে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন ৩০ বছরের ভারতীয় তারকার জরিমানা মকুব করে।

দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সিন্ধু। বেঙ্গালুরুতে পা রেখেই সমাজমাধ্যমে তিনি জানান, গত কয়েকদিন প্রবল অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে কেটেছে। দুবাই বিমানবন্দরের কর্তৃপক্ষ ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, কঠিন সময়ে তাঁদের সহায়তা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।

তবে বিপদ পুরো কাটেনি। ১০ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ইয়োনেক্স সুইস ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতা। সেখানে অংশ নিতে গেলেও দুবাই হয়ে উড়তে হবে। বর্তমান পরিস্থিতিতে সেটাই বড় প্রশ্নচিহ্ন। বিমান পরিষেবা আংশিক চালু হলেও টিকিটের সঙ্কট তীব্র। উপরন্তু নিরাপত্তা ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিন্ধু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুইস ওপেনে খেলতে তিনি মুখিয়ে আছেন, কিন্তু সবটাই নির্ভর করছে আগামী কয়েকদিনের পরিস্থিতির উপর।

যুদ্ধের অভিঘাতে একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া সূচি যখন অনিশ্চয়তার মুখে, তখন সিন্ধুর মতো শীর্ষ তারকার ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন নজর, পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং সুইৎজারল্যান্ডের কোর্টে আদৌ দেখা যাবে কি না ভারতের এই তারকা শাটলারকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *