ভারতের পর এবার রাশিয়া সরাসরি কড়া ভাষায় আক্রমণ করল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করে, তবে ভারতের পণ্যের উপর বাড়তি শুল্ক বসানো হবে। সেই মন্তব্যকে এবার ‘অবৈধ এবং অনৈতিক’ বলে কড়া সমালোচনা করল রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যে কোনও দেশেরই নিজস্ব স্বার্থে বানিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। ভারত তার শক্তি ও জ্বালানি নিরাপত্তার খাতিরেই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। ট্রাম্পের এই হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে রাশিয়ার অভিযোগ।
রাশিয়ার পাশে দাঁড়িয়ে ভারতও জানিয়েছে, তাদের জ্বালানি চাহিদা পূরণে তারা সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। কোনও দেশ চাপ তৈরি করলে ভারত নিজের স্বার্থেই সিদ্ধান্ত নেবে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তৈরি হতে পারে। পাশাপাশি বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দামে ওঠানামা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।


