এসআইআর ইস্যুতে ধর্মতলার মঞ্চে স্বপ্না বর্মণ, রাজবংশী ভাষায় কমিশনকে আক্রমণ—‘গণতন্ত্রকেই হত্যা করা হচ্ছে’

Spread the love

রাজনীতিতে যোগ দেওয়ার পর খুব বেশি সময় পেরোয়নি। তবু ধর্মতলার আন্দোলনের মঞ্চে উঠে সরব হলেন অ্যাথলিট স্বপ্না বর্মণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজবংশী ভাষায় বক্তব্য রেখে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকে কড়া আক্রমণ করেন তিনি।

গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন স্বপ্না। সেই যোগদানের মাত্র তেরো দিনের মাথায় ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পান তিনি। প্রথমবার এত বড় রাজনৈতিক মঞ্চে কথা বলার সুযোগ পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান স্বপ্না।

বক্তব্যে তিনি দাবি করেন, বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াইয়েই তিনি এই মঞ্চে এসেছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে বাংলার ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। স্বপ্নার কথায়, এটি শুধু মানুষের উপর অন্যায় নয়, গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। তিনি জানান, বাংলার মানুষ এই চক্রান্ত কখনও মেনে নেবেন না এবং সবাই মিলে ‘দিদি’র হাত শক্ত করবেন।

উল্লেখ্য, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের পঞ্চম দিনে তিনি প্রতিবাদের অভিনব রূপও তুলে ধরেন—ক্যানভাসে আঁকেন ‘ভ্যানিশ কুমার’-এর প্রতীকী ছবি, যা দিয়ে তিনি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *