শিয়ালদহ স্টেশনে যাত্রী সুবিধায় চার লেনের ব্যারিকেড ব্যবস্থা

Spread the love

শিয়ালদহ স্টেশনে যাত্রী যাতায়াত আরও সুশৃঙ্খল করতে পরীক্ষামূলকভাবে চার লেনের ব্যারিকেড ব্যবস্থা চালু করতে চলেছে রেল। আগামী ১৫ আগস্টের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে বলে শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে। প্রতিদিন প্রায় ১৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে, সেই চাপ সামাল দিতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ।

নতুন পরিকল্পনা অনুযায়ী, বিআর সিং হাসপাতাল ও শিয়ালদহ আদালতের সামনের রাস্তা থেকে শুরু হবে চারটি আলাদা লেন। বাঁ দিকের লেন থাকবে শুধুমাত্র সাধারণ যাত্রীদের জন্য। তার পাশেই থাকবে ভিআইপি লেন। তৃতীয় লেনটি নির্দিষ্ট থাকবে অ্যাপ-ক্যাবের জন্য, যাতে স্টেশন থেকে যাত্রীদের ওঠা-নামা করতে সুবিধা হয়। একেবারে ডান দিকে থাকবে অটো ও টোটোর জন্য নির্দিষ্ট লেন।

ডিআরএম ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে বাঁশের ব্যারিকেড দিয়ে হলেও ১৫ আগস্টের আগে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে শুরু করতে হবে।

এছাড়া, কোলে মার্কেটমুখী ঠেলা, ট্রলি ও মানুষের জন্য থাকবে একটি নির্দিষ্ট রাস্তাও, তবে সেটি শুধু মার্কেটগামীদের জন্যই। মার্কেট থেকে স্টেশনে ঢুকতে হলে ব্যবহার করতে হবে প্রফুল্ল দ্বার, যা দীর্ঘদিন বন্ধ ছিল। আগামী পুজোর আগেই সেই প্রবেশদ্বারও যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

প্রফুল্ল দ্বারে থাকবে নতুন বুকিং কাউন্টার ও পণ্য বুকিংয়ের সুবিধা। সব মিলিয়ে শিয়ালদহ স্টেশনে যাত্রী পরিষেবা আরও উন্নত করার দিকেই এগোচ্ছে রেল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *