শনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই বিজ্ঞপ্তি তুলে নিল কলকাতা পুলিশ। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ রাখার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর সেতু বন্ধ থাকবে না। ফলে স্বাভাবিক নিয়মেই চলবে যানবাহন।
কলকাতা পুলিশের তরফে গত শনিবার জানানো হয়েছিল, গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কারণে কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হবে। পরিকল্পনা অনুযায়ী, এক্সপ্রেসওয়ের দুই জায়গায় স্টিল বিম পোর্টাল বসানোর পাশাপাশি হুগলি সেতুতেও বড়সড় কাজ হওয়ার কথা ছিল। এর মধ্যে ছিল সেতুর পুরনো বেয়ারিং বদলানো, নতুন স্টে ও হোল্ডিং ডাউন কেবল বসানো। এই কাজের জন্যই সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু হাওড়া সিটি পুলিশ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার (HRBC)-এর পক্ষ থেকে অন্য জরুরি কাজের কথা জানানো হয়। সেই কারণেই আপাতত রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে না। আর তাই আগের নির্দেশ প্রত্যাহার করে জানিয়ে দেওয়া হয়েছে—সেতুতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
এই সিদ্ধান্তে খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন হাওড়া ও কলকাতার যাত্রী ও নিত্যযাত্রীদের বড় অংশ। কারণ, সেতু বন্ধ থাকলে বিকল্প রাস্তায় প্রচণ্ড যানজট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। আপাতত কাজ পিছিয়ে গেলেও ভবিষ্যতে ঠিক কোন সময়ে সেতুর মেরামতির কাজ শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।


