ভর সন্ধ্যায় প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিন থাকায় ওই সময় প্ল্যাটফর্মে ভিড় ছিল তুলনামূলক কম। তখনই কয়েকজন যাত্রী ও স্থানীয়রা রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখে খবর দেন রেল পুলিশকে। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্রের আঘাতেই ক্ষত তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে দেহের পাশ থেকে একটি কাঁচিও উদ্ধার করেছে পুলিশ। সেই কাঁচিটির সঙ্গে ঘটনার যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ঘটনাস্থল থেকে হাতঘড়ি সহ আরও বেশ কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
তবে এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। মৃত যুবক স্থানীয় বাসিন্দা কিনা, তা জানতে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কলকাতার অন্যান্য থানার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছে তদন্তকারীরা।


