সন্দেশখালি কাণ্ডে ফের সিবিআই তৎপরতা, জেলবন্দি থেকেও প্রভাব খাটাচ্ছেন শেখ শাহজাহান?

Spread the love

উত্তর ২৪ পরগনার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ঘিরে ফের চাঞ্চল্য। অভিযোগ, জেলবন্দি অবস্থাতেও তদন্তে প্রভাব ফেলছেন তিনি। আর সেই কারণেই শনিবার সকালেই বসিরহাটের সড়বেড়িয়ায় তাঁর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্তকারীরা এদিন শাহজাহানের মেয়ের বাড়িতেও পৌঁছন।

২০২৪ সালের জানুয়ারিতে রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালিতে গিয়েছিল ইডি টিম। সেই সময় শাহজাহানের অনুগামীরা ইডির আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটির তদন্তভার বর্তমানে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে।

তদন্তে ধীরে ধীরে উঠে এসেছে আরও দুর্নীতির চিত্র। শুধু রেশন নয়, ভেড়ির মাছ আমদানি-রপ্তানি ব্যবসাতেও জাল বিস্তার করেছিলেন শাহজাহান— এমন অভিযোগে রীতিমতো চাপে পড়েছেন তিনি। একসময়ের সন্দেশখালির বেতাজ বাদশা এখন জেলবন্দি হলেও, তাঁর প্রভাবশালী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তদন্তকারী সংস্থা।

এদিকে, আলাদা একটি মামলায় শুক্রবার কলকাতা হাই কোর্ট বড় সিদ্ধান্ত নিয়েছে। গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ও শাহজাহানের ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরার জামিন খারিজ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের পর্যবেক্ষণ—এখন জামিন মঞ্জুর হলে তদন্ত ব্যাহত হতে পারে। ফলে এই মুহূর্তে জামিনের কোনও সুযোগ নেই।

রাজনৈতিক মহলের দাবি, একের পর এক ঘটনায় ধাক্কা খাচ্ছে শাসকদল। শাহজাহান-ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত যেমন এগোচ্ছে, তেমনই রাজ্যের প্রশাসনকেও প্রশ্নের মুখে ফেলছে এই কাণ্ড।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *