স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের বিয়ে স্থগিত হওয়ার পর কেটে গিয়েছে এক সপ্তাহ, কিন্তু বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। নেটিজেনদের মধ্যে প্রশ্ন—ঠিক কী ঘটল? কে দায়ী? এই নীরবতার মধ্যেই অবশেষে নজরে এলেন পলাশ মুছল।
সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে, মুম্বই বিমানবন্দরে প্রবেশ করছেন পলাশ। পুরোপুরি কালো পোশাকে, মুখে অদ্ভুত আত্মবিশ্বাসী হাসি। পাপারাৎজ্জিদের ক্যামেরা উঠতেই হাত নেড়ে অভিবাদনও জানালেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মা অমিতা মুছল ও পরিবারের আরও কয়েকজন সদস্য। তাঁদের কারও মুখেই চাপা উত্তেজনা বা অস্বস্তির ছাপ দেখা গেল না। তবে একটিও শব্দ উচ্চারণ করলেন না তাঁরা—গন্তব্যও অজানা রইল।
অন্যদিকে স্মৃতি মন্ধানার পরিবার যথারীতি নীরব। কোনও মন্তব্য, কোনও স্পষ্টীকরণ—কিছুই নেই।
২৩ নভেম্বর দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। প্রথমে কারণ হিসেবে সামনে আসে—স্মৃতির বাবার অসুস্থতা। এরপরই পলাশও হাসপাতালে ভর্তি হন। কিন্তু ঠিক সেই সময়েই সামনে আসে একাধিক চাঞ্চল্যকর দাবি—কোরিওগ্রাফার মেরি ডি’কোস্তার সঙ্গে নাকি পলাশের ঘনিষ্ঠতার ছবি ও চ্যাট ফাঁস হয়েছে। যদিও এই তথ্যে এখনো নিশ্চিত প্রমাণ নেই।
এর মধ্যেই এক অদ্ভুত ঘটনা নজরে আসে—স্মৃতি এবং পলাশ দু’জনেই ইনস্টাগ্রামে নিজেদের বায়ো বদলে দিয়েছেন। নতুন বায়োতে রয়েছে শুধুমাত্র একটি ইমোজি—🧿 (ইভিল আই)।
অনেকেই বলছেন, এটা হয়তো তাঁদের সম্পর্কের প্রতি অতিরিক্ত নজর দেওয়া ও গসিপের বিরুদ্ধে প্রতীকী বার্তা। আবার কেউ কেউ মনে করছেন—একই সময়ে এই পরিবর্তন মানেই তাঁরা এখনও যোগাযোগে রয়েছেন এবং সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়নি।
এখন প্রশ্ন একটাই—এটা কি সাময়িক বিরতি? নাকি সত্যিই শেষ হয়ে গেল ক্রিকেট ও বলিউডের বহুল চর্চিত প্রেমকাহিনি?
সবকিছুর উত্তর সময়ই দেবে।


