কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য দেশের দুটি শীর্ষ ফুটবল ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেয়েছেন। আইএসএল শুরুর সংবাদ সম্মেলনে তিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নাম বলতে গিয়ে ‘মোহনবেগান’ এবং ‘ইস্টবেগান’ বলেছিলেন। এই বিভ্রাট নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং দেশের ক্রীড়াজগতও সমালোচনায় মুখর হয়েছে।
বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া সংস্থাগুলোকে আর্থিক সাহায্য প্রদান করেন। তিনি বলেন, কলকাতার তিনটি ক্লাবের প্রতি তার ধন্যবাদ যাদের নাম এমনকি দিল্লির স্পোর্টস মিনিস্টারও সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি। তিনি রাজ্যের তিন ক্লাবের সাফল্য কামনা করে বলেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং যারা আইএসএলে অংশগ্রহণ করবে তাদের জন্য তার শুভকামনা থাকবে এবং তিনি আশা করেন তারা ভালো করে লড়ে জিতবে।
মঞ্চে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, প্রেসিডেন্ট দেবাশিস দত্ত এবং ইস্টবেঙ্গলের শীর্ষ নেতা দেবব্রত সরকারসহ ক্রীড়াজগতের বিভিন্ন নেতৃত্ব। মুখ্যমন্ত্রী জানান, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত ২৯টি রাজ্য ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার ১ কোটি ১৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে। সংস্থাগুলোর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে তিনি বলেন, স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলো সবসময় বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভালো পারফরম্যান্স করছে আমরা চাই তারা ভবিষ্যতেও আরও ভালো পারফরম্যান্স করুক।


