আবারও ইতিহাস রচনা করলেন টেনিস সম্রাট নোভাক জোকোভিচ। সোমবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডে আমেরিকার লার্নার টিয়েনকে ৬-১, ৭-৬(৩), ৬-২ সেটে হারালেন তিনি। এই জয়ের সঙ্গে সঙ্গেই এক অনন্য রেকর্ড গড়লেন সার্বিয়ান তারকা।
এটি ছিল তাঁর গ্র্যান্ড স্ল্যামের টানা ৭৫তম প্রথম রাউন্ড জয়—যা ওপেন এরা-য় কোনো খেলোয়াড়ের পক্ষেই সম্ভব হয়নি। শুধু তাই নয়, এই ম্যাচের ফলেই জোকোভিচের ক্যারিয়ারের আর্থার অ্যাশ স্টেডিয়ামে জয়ের সংখ্যা দাঁড়াল ৮০। বিশ্ব টেনিসে তাঁর এই ধারাবাহিকতা সত্যিই নজিরবিহীন।
এক দশকেরও বেশি সময় ধরে জোকোভিচ শুধু শিরোপা জয় করছেন না, একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাসও লিখে চলেছেন। সম্প্রতি তিনি রাফায়েল নাদালকে ছাপিয়ে মাস্টার্স ১০০০ ম্যাচে সর্বাধিক জয়ের রেকর্ড গড়েছেন এবং উইম্বলডনেও রজার ফেডারারকে ছাড়িয়ে সর্বাধিক সেমিফাইনালে পৌঁছেছেন।
টেনিস মহলের অভিমত, এই রেকর্ড প্রমাণ করে জোকোভিচ শুধু সময়ের নয়, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।


