১৫ বছরের এক নাবালিকা বুধবার পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। অভিযোগ, তখন তাঁকে হাসপাতালে আগমনের সময় অভিযুক্ত অমিত মল্লিক ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন। একজন চিকিৎসক অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ধৃতের বিরুদ্ধে শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, অমিত মল্লিক বর্তমানে এনআরএসসের অস্থায়ী কর্মী। এর আগে তিনি এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন। কিছু সূত্রের দাবি, তিনি হাসপাতালের মধ্যে দালালি করতেন এবং নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিতেন।
এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ বিভাগের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রণে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যভবন এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্যসচিব নিজে বিষয়টি খতিয়ে দেখতে চান। রিপোর্টে জানতে চাওয়া হয়েছে—কীভাবে অভিযুক্ত হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন, ট্রমা কেয়ারের মতো গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে এ ঘটনা ঘটল কীভাবে, এবং ঘটনার পূর্ণ বিবরণ।


