শোকের মাঝেই লড়াইয়ে শুভ্রাংশু, বীজপুরে ৪০ হাজার লিডের হুঙ্কার তৃণমূলে

Spread the love

সদ্য পিতৃবিয়োগের গভীর শোক নিয়েও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন না শুভ্রাংশু রায়। প্রার্থী তালিকায় নিজের নাম না থাকলেও বিন্দুমাত্র হতাশ নন তিনি। বরং দলীয় প্রার্থী সুবোধ অধিকারীর জয়ের লক্ষ্যে সরাসরি মাঠে নেমে পড়েছেন। তাঁর স্পষ্ট বার্তা, ব্যক্তি নয়—দলই শেষ কথা।

হালিশহরের লোকসংস্কৃতি ভবনে আয়োজিত কর্মিসভায় শুভ্রাংশু বলেন, নির্বাচনের আসল লড়াই মিটিং-মিছিলে নয়, বুথে। কর্মীদের উদ্দেশে তাঁর নির্দেশ, প্রত্যেকে নিজের বুথ শক্ত করে ধরে রাখতে হবে। বুথ ঠিক থাকলে জয়ের রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে। এমনকি তাঁর দাবি, সুবোধ অধিকারী এতটাই এগিয়ে থাকবেন যে, “বাড়িতে বসেই জিতে যাবেন।”

প্রার্থী হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি পরিষ্কার করে দেন, দল যাকে দায়িত্ব দেবে, সবাইকে তার পাশেই থাকতে হবে। এই ঐক্যই তৃণমূলের শক্তি বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক মহলে তাঁর এই অবস্থানকে দলীয় শৃঙ্খলার স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সভায় উপস্থিত সাংসদের উদ্দেশে ‘লাল বাতি’র প্রসঙ্গ তুলে শুভ্রাংশু ইঙ্গিত দেন, বীজপুর থেকে জয়ী হয়ে এবার যেন মন্ত্রিসভায় জায়গা পান সুবোধ অধিকারী। সেই দাবির মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত।

অন্যদিকে, দ্বিতীয়বার প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সুবোধ অধিকারী। তাঁর কথায়, নেতৃত্বের আস্থার মর্যাদা রাখতে সর্বশক্তি দিয়ে লড়াই হবে। একইসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, বীজপুরে ৪০ হাজারেরও বেশি ভোটে জয় নিশ্চিত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *