টি-২০ বিশ্বকাপের আসন্ন ম্যাচগুলির জন্য ইডেন গার্ডেন্সের টিকিটের দাম চূড়ান্ত করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। সব চেয়ে কম ১০০ টাকায় ইডেনে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে, আর সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা।
সিএবি ইডেনের বিশ্বকাপের ম্যাচগুলিকে তিনটি ভাগে ভাগ করেছে—গ্রুপ পর্বের নির্দিষ্ট ম্যাচ, তুলনামূলক জনপ্রিয় গ্রুপ পর্বের ম্যাচ এবং সুপার এইট ও সেমিফাইনাল। ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দামও আলাদা করা হয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইতালি ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। এই ম্যাচগুলিতে প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪ হাজার টাকা। লোয়ার ব্লক বি ও এল-এর টিকিট ১ হাজার টাকা, সি, এফ ও কে ব্লকের টিকিট ২০০ টাকা এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের টিকিটও ২০০ টাকায় পাওয়া যাবে। আপার ব্লকের বেশির ভাগ আসনের টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা।
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ় বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশের মতো তুলনামূলক হাই-ভোল্টেজ ম্যাচগুলির টিকিটের দাম কিছুটা বেশি। এই ম্যাচগুলিতে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৫ হাজার টাকা। লোয়ার ব্লক বি ও এল-এর টিকিট ১,৫০০ টাকা, সি, এফ ও কে ব্লকের টিকিট ১ হাজার টাকা, ডি, ই, জি, এইচ ও জে ব্লকের টিকিট ৫০০ টাকা এবং আপার ব্লকের টিকিট ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে সুপার এইট পর্ব এবং সেমিফাইনাল ম্যাচের জন্য। এই ম্যাচগুলিতে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ১০ হাজার টাকা। লোয়ার ব্লক বি ও এল-এর টিকিট ৩ হাজার টাকা, সি, এফ ও কে ব্লকের টিকিট ২,৫০০ টাকা, ডি, ই, জি, এইচ ও জে ব্লকের টিকিট ১,৫০০ টাকা এবং আপার ব্লকের টিকিটের দাম ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্বকাপের উত্তেজনায় ইডেন গার্ডেন্সে দর্শক টানতে এবার সাধারণ দর্শকদের জন্যও তুলনামূলক সস্তা টিকিট রাখল সিএবি।


