সংসদে চলছে বাদল অধিবেশন। একের পর এক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণে ব্যস্ত বিরোধীরা। ‘অপারেশন সিঁদুর’-এর পর এবার লক্ষ্য ভোটার তালিকা সংশোধন বিতর্ক। এই অবস্থায় রাজনৈতিক কৌশল আরও জোরদার করতে মাঠে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৪ আগস্ট, সোমবার বিকেল ৩টে: ভারচুয়ালি সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে দলের অবস্থান, ইস্যুভিত্তিক প্রতিবাদ, INDIA জোটের সমন্বয় এবং কেন্দ্রের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ—এই সব বিষয়ে চূড়ান্ত বার্তা দেবেন তিনি।
৫ আগস্ট: এবার ময়দানে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব জেলা সভাপতি, বিধায়ক, সাংসদ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন তিনি। লক্ষ্য একটাই—৭ আগস্টের দিল্লি অভিযান সফল করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে দেশজুড়ে প্রবল চাপ তৈরি।
বিরোধীদের অভিযোগ, ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা SIR-এর নামে খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই অপারেশনকে পরিকল্পিত বলে চিহ্নিত করছে তৃণমূল সহ বিরোধী শিবির। তাই ৭ আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে তৃণমূল সক্রিয়ভাবে শামিল হচ্ছে, যেখানে নেতৃত্বে থাকতে পারেন অভিষেক নিজে।
রাজ্য থেকে সংসদ—দুই জায়গায় সমান্তরাল আক্রমণ, দুটি স্তরেই নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা ও অভিষেকের এই যৌথ কৌশলেই কেন্দ্রকে চাপে ফেলতে চায় তৃণমূল কংগ্রেস।


