নদিয়ার ভীমপুরে জলকর মথুরাপুর সমবায় সমিতি নির্বাচনে কার্যত একতরফা জয় পেল তৃণমূল কংগ্রেস। মোট ৫৮টি আসনে বিরোধীরা কোনও মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হন সবুজ শিবিরের প্রার্থীরা। রবিবার ফলাফল স্পষ্ট হতেই সবুজ আবিরে মেতে ওঠেন নেতা-কর্মীরা।
তৃণমূলের কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কার্তিকচন্দ্র ঘোষ বলেন, “বিরোধীরা শক্তি হারিয়েছে। একজন প্রার্থী দেওয়ার সাহসও দেখাতে পারেনি। মানুষ আমাদের সঙ্গে।” জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন তৃণমূল যুব মোর্চার রাজ্য সম্পাদক সুশান্ত মণ্ডল, ভীমপুর ব্লক সভাপতি ভোলানাথ বিশ্বাস-সহ জেলা নেতৃত্ব।
ভীমপুর পঞ্চায়েত বহুদিন বিজেপির দখলে। সাংগঠনিকভাবে এলাকা মজবুত বলেই দাবি বিরোধীদের। তবুও সমবায় ভোটে একটিও প্রার্থী দাঁড় করাতে না পারা নিয়ে প্রশ্ন ঘনিয়েছে জেলার রাজনীতিতে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই জয় আসন্ন বিধানসভা ভোটের আগে শাসক শিবিরে অক্সিজেন জোগাবে।
একই দিনে পূর্ব মেদিনীপুরের কাঁথি-১ ব্লকের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটেও জয়জয়কার তৃণমূলের। ৫৩টির মধ্যে ৩৮ আসন দখল করে ঘাসফুল শিবির, বিজেপি পেয়েছে ১৫ আসন। টানা দুই সমবায় নির্বাচনে সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে তৃণমূল।


