সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। জানা গিয়েছে, তামাক এবং তামাকজাত পণ্যের উপর নতুনভাবে সেস আরোপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
এইদিন লোকসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল, ২০২৫ পেশ করেন অর্থমন্ত্রী। বর্তমানে তামাক ও তামাকজাত দ্রব্যের উপর জিএসটির পাশাপাশি ক্ষতিপূরণ সেস আরোপ করা হয়। নতুন বিল পাস হলে সেই পুরনো সেস বাতিল হবে এবং তার পরিবর্তে নতুন কাঠামো কার্যকর হবে।
নতুন বিলে উল্লেখ করা হয়েছে—
-
তামাকজাত পণ্যের উপর ৪০% জিএসটি’র উপরে আরও ৭০% সেস বসবে।
-
সিগারেটের ক্ষেত্রে প্রতি ১,০০০ সিগারেটের উপর ২,৭০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট সেস ধার্য হবে।
-
সেসের পরিমাণ নির্ভর করবে সিগারেটের মাপ ও দৈর্ঘ্যের উপর।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, ক্ষতিপূরণ সেস উঠে গেলে কেন্দ্রের রাজস্ব আদায়ে যাতে ঘাটতি না হয়, সেই কারণেই নতুন এই ট্যাক্স কাঠামো আনা হচ্ছে।
একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান সেস অ্যাকাউন্টের আওতায় থাকা সমস্ত ঋণ এবং সুদ পরিশোধ সম্পূর্ণ হলে পুরনো ক্ষতিপূরণ সেস পুরোপুরি বন্ধ করা হবে।
এখন তামাকজাত দ্রব্যে ২৮% জিএসটি ও ৫% থেকে ২৯০% পর্যন্ত ক্ষতিপূরণ সেস আরোপ করা হয়।
এর পাশাপাশি অর্থমন্ত্রী আরও একটি বিল— স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা সেস বিল, ২০২৫ —পেশ করবেন। এই বিলে পানমশলা সহ কিছু নির্দিষ্ট পণ্যের উপর নতুন সেস আরোপের প্রস্তাব থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত পরে ঘোষণা করা হবে।


