সোমবার সকালে শিয়ালদহ-ক্যানিং শাখার রেল পরিষেবায় বড় ধরনের বিপর্যয়। একটি ছোট হাতি (ছোট মালবাহী গাড়ি) আচমকা উঠে পড়ে রেললাইনের উপরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় দূর থেকে ট্রেন আসতে দেখে ভয় পেয়ে যান গাড়িচালক। আর নিজের প্রাণ বাঁচাতে গাড়ি ফেলে রেখে লাইনের পাশ দিয়ে পালিয়ে যান তিনি।ঘটনাটি ঘটতেই রেলকর্তারা সঙ্গে সঙ্গে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেন। শিয়ালদহ থেকে ক্যানিং অভিমুখী লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। লাইনে আটকে পড়ে যাত্রী বোঝাই লোকাল ট্রেন।প্রচণ্ড গরম ও ভিড়ে অতিষ্ঠ যাত্রীরা স্টেশনে আটকে পড়েন ঘণ্টার পর ঘণ্টা। অফিস টাইমে এই বিভ্রাটে কার্যত অচল হয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনা ও শহরের সংযোগ রেলপথ।জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ক্যানিং লাইনের একটি নির্জন জায়গায়। কীভাবে ওই গাড়ি লাইনে এল এবং চালক কেন এমন কাণ্ড ঘটালেন, তা তদন্ত করে দেখছে রেল পুলিশ। ইতিমধ্যেই উদ্ধারকারী দল গিয়ে গাড়িটি লাইনের উপর থেকে সরানোর কাজ শুরু করেছে। তবে পুরোপুরি পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে রেল সূত্রে খবর।রেলপথে এই ধরনের বেপরোয়া ও বিপজ্জনক গাড়ি চলাচল নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। তাঁদের দাবি, এমন ঘটনায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। রেল প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া হলেও, এই ধরনের গাফিলতি যে চরম বিপদের কারণ হয়ে উঠতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হয়ে রইল এই ঘটনা।
ট্রেন আসছে দেখে রেললাইনে ‘ছোট হাতি’ ফেলে পালালেন চালক! অচল শিয়ালদহ-ক্যানিং শাখা, দুর্ভোগে নিত্যযাত্রী


