নিজস্ব সংবাদদাতা: শুরুটা ছিল ২০২১ সালে। সমাজকর্মীর পরিচয় থেকে রাজনীতিতে পা। পশ্চিমবঙ্গে তখন বিধানসভা ভোট। আর ভোট কাটতে রাজ্যের ময়দানে কেজরির আম আদমি পার্টি। দিল্লির রাজপথ থেকে কলকাতার রাজপথে। দুর্নীতির বিরুদ্ধে সুর ছড়িয়ে বহুবার পথেও নেমেছে আপ। দলের একে একে নতুন মুখ। নতুনদের রাজনৈতিক লড়াই। তাঁদের অন্যতম তুলিকা অধিকারী। একুশের ভোটের আগে আম আদমি পার্টির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি পদে। রাজ্যে লড়ছে আপ। তুলিকার মুখে হুংকার। অবাঙালি দলের প্রথম সারির নেত্রী। লড়াই চলল। কিন্তু বেশি বছর না। তাল কাটল আরজি কর কাণ্ডের পর। নির্যাতিত নিহত চিকিৎসকের বিচারের দাবি তুলতে গিয়ে। প্রতিবাদ করলেন তুলিকা। কিন্তু তাঁর দল যেন পিছিয়ে গেল। অনেকেই বলেন, পশ্চিমবঙ্গে ডানা মেলতেই চায় না কেজরির দল।

বাংলা ছাড়া অন্য রাজ্যে তাঁরা ফোকাস করতে চায়। এর নেপথ্যে কি কেজরি-মমতা ভালো সম্পর্ক? তাহলে একুশে বিরোধিতা করে কি লাভ হল? এইসব প্রশ্ন নিয়েই ২০২৪ সালে আপ ছাড়েন তুলিকা। ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির হাত থেকে তুলে নিলেন কংগ্রেসের পতাকা। কংগ্রেসের জাতীয় মহিলা সভানেত্রী অলোকা লাম্বার হাতে উত্তরীয় পরে কংগ্রেসে যোগদান করলেন। ইন্দিরা গান্ধীর ছবির সামনে দাঁড়িয়ে দিলেন নারীশক্তির বার্তা। গণতান্ত্রিক লড়াইয়ের ডাক দিলেন বঙ্গ কংগ্রেসের এই নয়া মুখ। তুলিকা অধিকারী।


