উত্তরপ্রদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে তুলে ধরতে নতুন পদক্ষেপ নিল যোগী সরকার। আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হতে চলেছে ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো (UPITS 2025)। বিশ্বের সামনে প্রযুক্তি ক্ষেত্রে উত্তরপ্রদেশের অগ্রগতি, উদ্ভাবন ও স্টার্টআপ ইকোসিস্টেমের সাফল্য তুলে ধরার এটিই হবে অন্যতম বড় মঞ্চ।
এই প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ থাকছে ‘হল ৫’-এর ২০০ বর্গমিটার জুড়ে তৈরি হওয়া আইটি ও ইলেকট্রনিক্স বিভাগের প্যাভেলিয়ন। ইউপি ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে গড়ে ওঠা এই প্যাভেলিয়নে থাকবে আন্তর্জাতিক মানের মূল মঞ্চ, ভিআইপি লাউঞ্জ, ক্যাফেটেরিয়া, স্মার্ট এলইডি ভিডিও ওয়াল এবং স্টার্টআপ জোন। প্রদর্শিত হবে অত্যাধুনিক এআই মডেল, রাজ্যের সাফল্যের কাহিনি এবং প্রযুক্তি ক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগ।
প্যাভেলিয়নে থাকবে ১৫০ বর্গফুটের অ্যানামরফিক ডিসপ্লে স্ক্রিন, লাইভ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির বিশেষ সেটআপ। স্টার্টআপদের জন্য আলাদা প্রদর্শনী দেওয়ালও তৈরি হবে, যেখানে তাদের উদ্ভাবন তুলে ধরা হবে।
যোগী সরকারের বিশ্বাস, এই প্রদর্শনী উত্তরপ্রদেশকে শুধু ভারতের নয়, বিশ্বের প্রযুক্তি মানচিত্রেও উজ্জ্বলভাবে চিহ্নিত করবে। একই সঙ্গে আকৃষ্ট করবে বৈদেশিক বিনিয়োগকারী ও শিল্পপতিদের।


