দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে চাঞ্চল্যকর ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ, দুষ্কৃতীরা গুরুত্বপূর্ণ নথি লুঠ করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, জয়নগরের এক সভা থেকে তৃণমূল নেতা জাহাঙ্গীর খাঁন বক্তব্য রাখতে গিয়ে জানান, তাঁকে জয়নগর, যাদবপুর, ডায়মন্ড হারবার ও মথুরাপুর লোকসভার অন্তর্গত একটি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এজন্য ধন্যবাদ জানান।
এই বক্তব্য কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই কাইজার আহমেদের অনুরাগীরা আনন্দে আতসবাজি ফাটাতে শুরু করেন। ঠিক সেই সময়ই কয়েকজন দুষ্কৃতী এসে পার্টি অফিসে ভাঙচুর চালায়।
ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


