মন্ত্রীদের চিকিৎসা খরচে লাগাম টানতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এবার থেকে রাজ্যের বাইরে কোনও হাসপাতালে চিকিৎসা করাতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি এবং দ্য কলকাতা গেজেটে প্রকাশিত নির্দেশিকায় এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।
এতদিন পর্যন্ত মন্ত্রী বা তাঁদের পরিবারের সদস্যদের রাজ্যের বাইরে চিকিৎসার জন্য আলাদা করে অনুমতি নিতে হত না। কিন্তু একাধিক ক্ষেত্রে চিকিৎসার খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজ্য সরকারের উপর আর্থিক চাপ বাড়ছিল। সেই পরিস্থিতি সামাল দিতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী এবং তাঁদের পরিবারের নির্দিষ্ট সদস্যরা রাজ্যের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন। পাশাপাশি, প্রয়োজন হলে বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য সরকার। তবে রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হলে আগে থেকে অনুমোদন নিতে হবে, তবেই এই সুবিধা মিলবে।
প্রশাসনের দাবি, এই পদক্ষেপের ফলে অপ্রয়োজনীয় খরচ কমবে এবং রাজ্যের হাসপাতালগুলির উপর নির্ভরতা বাড়বে। একই সঙ্গে যে চিকিৎসা রাজ্যের মধ্যেই সম্ভব, তার জন্য বাইরে গিয়ে অতিরিক্ত খরচের প্রবণতাও কমানো যাবে।
মন্ত্রীদের মেডিক্যাল বিল নিয়ে অতীতেও একাধিক বিতর্ক হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নির্বাচনের আবহে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


