অবশেষে প্রকাশিত একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি ফলাফল, ওয়েবসাইটে ভিড় জমে বিভ্রাট

Spread the love

প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শুক্রবার রাত সাড়ে ৯টার পর থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এ দেখা যাচ্ছে ফল।

তবে ফল প্রকাশের পরই ওয়েবসাইটে প্রচুর ভিড় জমে যায়। অনেক পরীক্ষার্থী প্রথমে সাইট খুলতে না পারলেও পরে সমস্যা মিটে গেলে তাঁরা ফল দেখতে পান।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর রাজ্যের সরকারি স্কুলগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার ৫৪ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে জানান, “চিন্তার কিছু নেই। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে।”

এ বছর উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে ১২,৫১৪টি। আবেদন করেছিলেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা শিগগিরই প্রকাশ করবে কমিশন। ১৭ নভেম্বর থেকে শুরু হবে নথি যাচাই পর্ব।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মেনে চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *