রাজ্যের স্কুলে আবারও বড় নিয়োগের ঘোষণা! উৎসবের মরশুমেই সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানাল, রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে ৮,৪৭৭টি শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। বৃহস্পতিবারই জারি হয়েছে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি।
৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। আগামী ফেব্রুয়ারিতেই (২০২৬) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-সি পদে (করণিক) ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫,৪৮৮টি শূন্যপদ পূরণ হবে। সমস্ত আবেদন অনলাইনে করতে হবে, ফি-ও জমা দিতে হবে ডিজিটালভাবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ₹৪০০, আর এসসি-এসটি প্রার্থীদের জন্য ₹১৫০।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ৪,৮০০ জন অযোগ্য শিক্ষাকর্মী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। নিয়োগ দুর্নীতির মামলায় পূর্বে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের মধ্যে শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারা নতুন পরীক্ষায় বসতে পারবেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকার প্রশংসা করে লিখেছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে ও নজরদারিতে রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। কর্মপ্রার্থী যুবক-যুবতীদের জন্য আমার শুভেচ্ছা।”


