রাজ্যের ভোটার তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝে বড় সিদ্ধান্ত। Supreme Court of India-এর নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করবে Election Commission of India। তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—এটাই চূড়ান্ত তালিকা নয়।
কমিশন সূত্রে খবর, আপাতত ৭ কোটি ৮ লক্ষ নাম প্রকাশ করা হবে। কিন্তু সেই তালিকায় বড় বিভাজন থাকবে। কারা যোগ্য ভোটার, কারা এখনও যাচাইয়ের অপেক্ষায়, আর কার নাম মুছে দেওয়া হয়েছে—সব স্পষ্ট করে লেখা থাকবে।
সবচেয়ে বড় প্রশ্ন ঘিরে রয়েছে প্রায় ৬০ লক্ষ নাম। এই বিপুল সংখ্যক ভোটারের তথ্যগত অসঙ্গতি এখনও মেটেনি। তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘বিচারাধীন’ বা ‘অ্যাডজুডিকেশন’। অর্থাৎ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, যাঁদের নাম বাতিল হয়েছে, তাঁদের ক্ষেত্রে সরাসরি লেখা থাকবে ‘ডিলিটেড’।
তথ্যগত গরমিল নিয়ে রাজ্য ও কমিশনের সমন্বয়হীনতায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সেই কারণেই নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে Calcutta High Court-নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে। ইতিমধ্যে ৫৩২ জন আধিকারিককে এই কাজে নামানো হয়েছে। প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকেও বিচারক আনার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ২৭৩ জন কাজ শুরু করেছেন।
প্রসঙ্গত, এসআইআর ঘোষণার সময় রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। মৃত, নিখোঁজ ও অনুপস্থিত মিলিয়ে ৫৮ লক্ষের বেশি নাম বাদ যায়। এরপর খসড়া তালিকায় সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ৮ লক্ষ। এবার সেই সংখ্যাই প্রকাশ পাবে, তবে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে।
রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া তালিকার কাঠামো বজায় রেখেই প্রকাশ হবে নতুন তালিকা। ফর্ম ৬-এর মাধ্যমে যুক্ত নাম অন্তর্ভুক্ত হবে, আর যেগুলি বাতিল হয়েছে সেগুলি আলাদা করে চিহ্নিত থাকবে।
২৮ ফেব্রুয়ারির তালিকা তাই চূড়ান্ত নয়, বরং চলমান প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন নজর—বিচারাধীন ৬০ লক্ষ নামের ভাগ্যে কী সিদ্ধান্ত আসে।


