যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা, ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘোষণা।
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তিনি জানান, শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথী প্রকল্পের টাকা।
রাজ্য বাজেটে আগেই ঘোষণা করা হয়েছিল বেকারদের জন্য যুবসাথী প্রকল্প। সেই প্রকল্প অনুযায়ী যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর এই আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এই প্রকল্পে আবেদন করতে হলে বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন না বলে স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার।
এদিকে এদিন ধরনা মঞ্চ থেকেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আগে যেখানে ৮৭৯ টাকায় সিলিন্ডার মিলত, এখন সেটির দাম হয়েছে ৯৩৯ টাকা। নতুন দাম শনিবার থেকেই কার্যকর হয়েছে।
এছাড়াও গ্যাস বুকিংয়ের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, একটি সিলিন্ডার পাওয়ার ২১ দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে না। বর্তমানে এই সময়সীমা ১৫ দিন ছিল।
এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার মহিলাদের নিয়ে পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মহিলাদের কালো শাড়ি পরে হাতা ও খুন্তি হাতে মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।


