রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর সেই কেন্দ্রই বহু বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অজেয় দুর্গ। ২০১১ সালের পর থেকে এই কেন্দ্রে কখনও হার মানেনি তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবেই এই ‘কঠিন পিচ’-এ লড়াই করতে নেমে চাপের মুখে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন কেন্দ্রীয় নেতৃত্বের ওপরই ভরসা রাখছে বিজেপি। দলীয় সূত্রে খবর, শুভেন্দুর মনোনয়নকে কেন্দ্র করে বড়সড় চমক দিতে চাইছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে, বুধবার রাতেই শহরে পৌঁছতে পারেন শাহ। আগামী বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিন হাজরা মোড় থেকে বিশাল রোড-শোর পরিকল্পনা করেছে বিজেপি। ওই কর্মসূচিতে শাহর উপস্থিতি কার্যত নিশ্চিত বলেই দাবি দলীয় সূত্রের।
পরিকল্পনা অনুযায়ী, রোড-শোর আগে হাজরা মোড়ে একটি জনসভা করতে পারেন তিনি। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোড-শো করে সার্ভে বিল্ডিংয়ের কাছাকাছি পর্যন্ত যাবেন। শেষ ২০০ মিটার পথ হেঁটে গিয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। সূত্রের দাবি, এই হাঁটা পথেও পাশে থাকতে পারেন অমিত শাহ।
যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে সম্পূর্ণ কর্মসূচির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরে এই লড়াই ক্রমেই হাইভোল্টেজ আকার নিচ্ছে।


