নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনে একের পর এক রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। রবিবার কর্মিসভা থেকে এ নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, আমাদের হাতে কিছু নেই। তিন দিনে আমাদের ৫০ জনের বেশি অফিসারকে বদলি করিয়ে দিয়েছে। এরপর রাজ্যে কোনো ঘটনা ঘটলে এর জন্য দায়ী থাকবে মোদি এবং ভ্যানিশ কুমার।
তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অনেক বহিরাগত ঢুকিয়েছে ভবানীপুরে। মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণভাবে ভোট করাতে হবে। এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা আট ওয়ার্ডের তিনজন কাউন্সিলরেরের কাজের প্রশংসা করেন মমতা। পাশাপাশি কয়েকজনকে সতর্কবার্তাও দিয়েছেন। দলনেত্রীর কড়া বার্তা, কে কোন দায়িত্বে আছেন সেটা ভুলে যান। সবাই দলে কর্মী। এবং কর্মী হিসেবেই আমরা একসঙ্গে কাজ করব।


