রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে একের পর এক অসন্তোষের ছবি সামনে এসেছে। কখনও সংবাদমাধ্যমে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে একাধিক নেতা-মন্ত্রীকে। সেই তালিকায় রয়েছেন মুখপাত্র থেকে বিধায়কও। দলের পরাজয়ের জন্য কেউ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন, কেউ আবার আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে শাসকদলের অন্দরে ‘বিদ্রোহী’ শিবির তৈরি হচ্ছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।
এই আবহেই নতুন করে জল্পনার কেন্দ্রে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। সম্প্রতি তাঁর একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও তিনি সরাসরি দলের বিরুদ্ধে কিছু বলেননি, তবুও পোস্টের ভাষা এবং সময় নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগেও কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় একাধিক ‘বিদ্রোহমূলক’ পোস্ট করেছিলেন। তৃণমূল নেতৃত্বের কড়া সমালোচনা করার পাশাপাশি সিপিএম নেতৃত্ব এবং মহম্মদ সেলিমের প্রশংসাও করেছিলেন তিনি। একটি পোস্টে আবার সরাসরি প্রশ্ন তোলেন সব্যসাচী দত্তকে নিয়ে। বৈদ্যনাথ লেখেন, “আমার মাকে প্রশ্ন করার কোনও প্রয়োজন নেই। অনুগ্রহ করে প্রশ্ন করুন সব্যসাচী দত্ত কোথায়?”
এই ঘটনাগুলির পর থেকেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বারাসত সংগঠনের অন্দরে চাপা ক্ষোভ আরও বাড়ছে। যদিও কাকলি ঘোষদস্তিদার এখনও প্রকাশ্যে কোনও বিস্ফোরক মন্তব্য করেননি, তবে তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে তৈরি হওয়া জল্পনা এখন তৃণমূলের অন্দরেও অস্বস্তি বাড়াচ্ছে।


