মঙ্গলবার সকালে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের দোতলায় আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত উদ্যোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। অন্তত ২০ জন রোগীকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, অপারেশন থিয়েটারের এসি মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।
পুলিশ ও দমকল কর্মীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত কোনও রোগী হাসপাতালে আটকে নেই বলেই জানা গিয়েছে।


